কলম্বিয়ান তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এর মাধ্যমে লিভারপুলে মিশলীয় তারকা মোহাম্মদ সালাহর ভবিষ্যত নিয়ে আরো একবার শঙ্কা দেখা দিল। এক বিবৃতিতে দিয়াজের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল।
২৫ বছর বয়সী দিয়াজের সাথে ২০২৭ সাল পর্যন্ত ৩৭.৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের চুক্তি হয়েছে। সাথে থাকছে আরো সাড়ে ১২ মিলিয়ন পাউন্ড সম্ভাব্য বোনাস।
আফ্রিকান নেশন্স কাপে খেলতে বর্তমানে মিশরের জাতীয় দলের সাথে থাকা সালাহর সাথে এখনো চুক্তি নবায়নের বিষয়ে লিভারপুলের চূড়ান্ত কোন আলোচনা হয়নি।
পোর্তোতে আড়াই বছরের মেয়াদে দিয়াজ ১২৫ ম্যাচে ৪১ গোল করেছেন। আসন্ন গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে দিয়াজকে দলে নেবার ব্যপারে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপের আগহের গুঞ্জন ছিল। কিন্তু এই সময়ের মধ্যে আরো কয়েকটি শীর্ষ ক্লাব বিশেষ করে টটেনহ্যাম হটস্পার দিয়াজের প্রতি আগ্রহী হয়ে উঠলে কিছুটা আগে ভাগেই লিভারপুল চুক্তির বিষয়টি সম্পন্ন করে।
বর্তমানে দিয়াজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কলম্বিয়ান জাতীয় দলের সাথে আছেন। তাকে দলে পেতে লিভারপুল মঙ্গলবার আর্জেন্টিনায় একটি প্রতিনিধি দল পাঠায়। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সময়সীমা শেষ হবার আগে সেখানেই তার প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে লিভারপুল।
সালাহর পাশাপাশি তারকা সতীর্থ সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর সাথে ২০২৩ সালের গ্রীষ্মে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ঐ সময়েল মধ্যে তিনজনই ৩১ বছরে পা রাখবেন।
দিয়াজকে দলে পেয়ে লিভারপুলের আক্রমনভাগে একটি স্বস্তি ফিরে এসেছে। এবারের মৌসুমে পোর্তোর হয়ে ২৮ ম্যাচে ১৬ গোল করা দিয়াজ নিজেকে রেডসের জার্সি গায়ে প্রমানের জন্য মুখিয়ে আছেন। গত বছর কোপা আমেরিকায় চার গোল করে লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দিয়াজ।