টাইব্রেকারে মাওরিসিও পচেত্তিনোর দলকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে গেল নিস। ফরাসি কাপ থেকে ছিটকে গেল পিএসজি। সোমবার রাতে প্যারিসের নিজেদের মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন পিএসজি।
এদিন ১০ নম্বর জার্সি পরে একাদশে নামেন লিওনেল মেসি। কিন্তু দশ নম্বরসুলভ খেলাটা তিনি দেখাতে পারেননি। পিএসজির বিবর্ণ প্রথমার্ধে যে একমাত্র শটটা নিয়েছিলেন তা তিনিই নিয়েছিলেন। তাতে ফল আসেনি।
বিরতির পরও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত বল নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। ৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।
মেসি-এমবাপের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি পিএসজি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। গোলরক্ষক মার্চিন বুকা তার শট ঠেকিয়ে দেন। অন্যদিকে, নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস।
নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স।
তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।