অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে বিশ্বকাপ দলে পেয়ে দারুন খুশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তারপরও জ্যোতির কথায় রাগ-ক্ষোভ বা বিরক্তির ছাপ নেই। অভিজ্ঞ এই পেসার দলে ফেরায় আন্তরিক কণ্ঠেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
মালেয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট বাছাইয়ের বাংলাদেশ দলে নাম ছিলো না জাহানারার। দলের মূল স্ট্রাইক বোলার জাহানারাকে বাদ রাখায় নানা সমালোচনা ওঠে। পরে বিসিবির উইমেনস উইংয়ের প্রধান জানান, দলের শৃঙ্খলাভঙ্গের কারণেই জাহানারাকেক বাইরে রাখা হয়েছে।
তবে সব কিছু ভুলে বিশ্বকাপ আসরে জাহানারাকে দলে পেয়ে দারুন খুশি অধিনায়ক নিগার। অন্য কিছুই পাত্তা দিচ্ছেন না তিনি। বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে তার নেতৃত্বে। কিভাবে দেশের জন্য সেরাটা দেওয়া যায় তা নিয়ে বেশি ভাবছেন তিনি।
প্রস্তুতির এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিগার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। বলেন,“জাহানারা আপু অবশ্যই আমি বলব যে দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। তার স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা। আমি বলব, বোলিং ইউনিটে উনি আমাকে সবসময় সাহায্য করেন। আমি অত্যন্ত খুশি যে উনি আবার দলে ব্যাক করেছেন।”
৩৮ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সফলতম পেসার জাহানারা। ১৫ উইকেটের বেশি নেই দেশের আর কোনো পেসারের।
নিউজিল্যান্ডে হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশ কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেনি সেখানে।
আগামী ৪ মার্চ থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। ৮ দলের আসরে প্রাথমিক পর্বে সব দল লড়বে পরস্পরের সাথে। বাংলাদেশের প্রথম খেলবে ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
এবারের বিশ্বকাপ প্রতিপক্ষ দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতের সাথে এর আগে খেলেছে বাংলাদেশ। বাকি কোনো দলের বিপক্ষে কখনও ওয়ানডে খেলেনি বাংলাদেশ। শক্তি-সামর্থ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি এবার বেশি এগিয়ে আছে।
অধিনায়ক জানান,“প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এখন যদি আমি বলি যে সেমি-ফাইনাল বা ফাইনাল খেলব, এসব আসলে আকাশচুম্বী টার্গেট আমরা দিতে চাই না। আমরা দল হিসেবে ম্যাচ বাই ম্যাচ খেলব এবং যখন ম্যাচ খেলব, তখনই কিন্তু বুঝতে পারব আসলে আমাদের লক্ষ্য কী হতে পারে।”