বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌছেছেন জেমি সিডন্স। আজ বিকেল ঢাকায় পা রাখেন তিনি। তিনি জাতীয় দল ছাড়াও বিসিবি একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সিডন্স । বাংলাদেশের ক্রিকেটের উত্থানে বড় অবদানও আছে তার।
২০০৭ সালে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ হোয়াইটমোর। তাঁর বিদায়ের পর আরেক অস্ট্রেলীয়ান সিডন্সকে আনে বিসিবি। তাঁর অধীনে বাংলাদেশ দলে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসে।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা কোচ হিসেবে এখনো বিবেচনা করা হয় সিডন্সকে। দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন তিনি অন্য উচ্চতায়।
বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমরা চাই সিডন্স জাতীয় দল নিয়ে কাজ করবেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। অন্য কোথায়ও কাজে লাগানো যায় কি না, সেটা নিয়েও ভাবছি।’
সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্ট খেলে জিতেছে মাত্র দুটিতে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচ খেলে ৩১টিতে জয় পায় হারে ৫৩টিতে। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের ১টিতেও জিততে পারেনি বাংলাদেশ।