বিশ্বের প্রথম দল হিসেবে আগামীকাল ওয়ানডে ক্রিকেটে ১ হাজারতম ম্যাচ খেলতে নামছে ভারত। নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হতে যাচ্ছে ভারতের ক্রিকেট ইতিহাসে মাইলফলক স্পর্শ করা হাজারতম ম্যাচ। এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে রোহিত শর্মার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ড। ম্যাচটি ৫ উইকেটে জিতেছিলো অসিরা। এরপর আজ পর্যন্ত ৮৭০১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ভারত খেলেছে সর্বোচ্চ ৯৯৯টি ওয়ানডে। যার মধ্যে ভারতের জয় ৫১৮টি, হার ৪৩২টি, ৯টি টাই এবং ৪১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে খেলতে নামে ভারত। এরপর ২০০২ সালে ৫০০তম ওয়ানডে ম্যাচ খেলে ভারত। আর দুই দশক পর ওয়ানডেতে ১ হাজার ম্যাচ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া।
কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নামলে, ইতিহাসের প্রথম দল হিসেবে ওয়ানডেতে ১ হাজার ম্যাচ খেলার গৌরব অর্জন করবে ভারত। বিশে^র দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৮টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া।
দেশের মত ব্যক্তিগতভাবে কালকে ম্যাচটি স্মরনীয় রোহিতের জন্যও। কারন এ ম্যাচ দিয়ে পাকাপাকিভাবে ওয়ানডেতে অধিনায়ক করতে নামবেন রোহিত। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে এর আগেও দায়িত্ব পালন করেছেন রোহিত। তবে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে। ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮ জয় ও ২ হার রোহিতের।
২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে হওয়া ঐ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো টিম ইন্ডিয়া।
ভারত-রোহিতের পাশাপাশি স্পট লাইটে থাকবেন দলের সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির।
এ দিকে গেল মাসে সর্বশেষ ওয়ানডে খেলে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ক্যারিবীয়রা। তবে ইতোমধ্যে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের ক্ষত কাটিয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্যই ঘরের মাঠে দুর্দান্ত নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ক্যারিবীয়রা।
এখন পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১৩৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬৪টি, ওয়েস্ট ইন্ডিজের ৬৩টি। ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।
ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), রূতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋসভ পান্থ, দীপক চাহার, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং লোকেশ রাহুল (দ্বিতীয় ওয়ানডে থেকে খেলবেন)।
ওয়েস্ট ইন্ডিজ দল:
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমার বোনার, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রানডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।