আফগানিস্তান সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ কে থাকবেন তা এখনো চুড়ান্ত হয়নি। কাউকে নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি এখনো। আজও (বৃহস্পতিবার) টিম বাংলাদেশের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, তারা আরও ধীরে, দেখে-শুনে একজনকে বেছে নিতে চান।
এর অর্থ, আফগানদের সঙ্গে সিরিজে নতুন পেস বোলিং কোচ নিয়োগের সম্ভাবনা খুব কম। তাহলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের ভূমিকায় থাকছেন কে তা নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে।
আজ সন্ধ্যার পর থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হাই পারফরমেন্স ইউনিট কোচ চম্পাকা রামানায়েকে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার রাতে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসও তা নিশ্চিত করেছেন । জালাল জানান, যেহেতু এখন এইচপির কোনো কার্যক্রম নেই। তাই চম্পাকা শ্রীলঙ্কায় ছিলেন। তাকে আসতে বলা হয়েছে।
সেটা কেন? জালাল শুরুতে সরাসরি জানাতে না চাইলেও পরে বলেন, আমরা এখনো বিষয়টা চূড়ান্ত করিনি আফগানিস্তানের সঙ্গে হোম সিরিজে পেস বোলিং কোচের ভূমিকায় তিনি থাকবেন কি না। তবে চম্পাকাকে আসতে বলা হয়েছে।
এর অর্থ, সাবেক এ লঙ্কান ফাস্ট বোলারই হয়ত আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পেসারদের কোচিং করাবেন। এমনিতে তিনি হাই পারফরমেন্স ইউনিটের হেড কোচ । আর জাতীয় পর্যায়ের পেসারদের সঙ্গেও কাজ করেন নিয়মিত। মোস্তাফিজ, তাসকিন, শরিফুল, রুবেল- কারো কোনো সমস্যা হলেই ছুটে যান চম্পাকা রামানায়েকের কাছে। এবার সেই চম্পাকাই হয়তো সরাসরি তাদের পরিচর্যায় থাকবেন।