আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডেতেও ৮৮ রানের জয়ে এক ম্যাচ রেখেই সিরিজ নিশ্চিত করল তামিম ইকবালরা। এই জয়ে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের চূড়ায় উঠল বাংলাদেশ। দুইয়ে থাকা ইংল্যান্ড পয়েন্ট ৯৫।
আজ শুক্রবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে চার উইকেট ৩০৬ রান তোলে বাংলাদেশ। মুশফিকুর রহিমের সঙ্গে ২০২ রানের জুটিতে ১৩৬ করেন লিটন। আর মুশফিক করেন ৮৬ রান। জবাবে ২৯ বল বাকি থাকতে ২১৮ রানে থামে আফগানরা। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
উদ্বোধনী জুটিতে তামিম ও লিটন শুরুর ওভার গুলোতে দেখে ব্যাট চালান। তবে থিতু হওয়ার আগেই তামিমকে ফেরান ফারুকি। আগের ম্যাচের মতো এবারও সামনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তামিম (১২), বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২০ বার এলবিডব্লিউ হন তামিম।
তিনে আসা সাকিবের সঙ্গে জুটি জমে ওঠে লিটনের। তাদের ৪৫ রানের জুটি ভাঙলে ফেরেন সাকিব (২০)। এরপরে লিটনের সঙ্গে জুটি বাধেন মুশফিক । ফারুকিকে দুইটি ছক্কা হাঁকিয়ে ১৩৬ রানে থামেন লিটন। অপরপ্রান্তে সেঞ্চুরির কাছ থেকে ফেরেন মুশফিক (৮৬)। দু’জনকে একই ওভারে ফেরান ফরিদ আহমেদ। তাতে খানিকটা রানের গতি ধীর হলেও ৩০৬ রানের পুঁজি পায় বাংলাদেশ, যা আফগানদের বিপক্ষে দশ ওয়ানডেতে সর্বোচ্চ।
লক্ষ্য তাড়ায় শুরুতে হোঁচট খায় আফগানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউটে ফেরেন ওপেনার রিয়াজ হাসান। খানিক পরই কট বিহাইন্ডে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে ফেরান শরিফুল। টপ অর্ডারের ব্যর্থতা ঘুচাতে পারেননি আজমতউল্লাহ ওমরজাই। ১৬ বলে ৯ রান করে সাকিবের শিকার হন তিনি।
ধাক্কা কাটিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার রহমত শাহ ও পাঁচে আসা নাজিবউল্লাহ জাদরান। তাদের ৮৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু এনে দেন তাসকিন। যদিও ৪২ রানেই এই জুটি ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন শরিফুল। দলীয় ১২৩ রানে ফেরেন রহমত (৫২) এবং ১৪০ রানে ফেরেন জাদরান (৫৪)।
শেষ দিকে আফগানদের মূল ব্যাটিং লাইনআপ ভেঙে দেন সাকিব। সাতে আসা রহমতউল্লাহ গুরবাজকে (৭) বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। শেষ দিকে ব্যবধান কমাতে যাওয়া মোহাম্মদ নবী ও রশিদ খানের ৩৪ রানে জুটি ভাঙেন মিরাজ। ৩২ রানে ফেরেন নবী আর মোস্তাফিজের শিকারে রশিদ ফেরেন ২৯ রানে।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশ এ নিয়ে ৭৭ টি সিরিজের ২৯ টিতেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে জয় পাওয়া সিরিজগুলোর মধ্যে ২৭ টির ২৪ টিই নিজেদের করে নিয়েছেন সাকিব-মুশফিকরা। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় সিরিজ জয়।