ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আথলেটিকো মাদ্রিদ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের এই ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল।
ইউরোপ সেরার মঞ্চে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির প্রথম গোলের উপলক্ষটা দারুণ জয়ে স্মরণীয় হয়ে থাকলো। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল দিয়েগো সিমেওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
তিন দিন আগে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে চেনা রূপে দেখা যায়নি। ভাগ্য মন্দ ম্যানচেস্টার ইউনাইটেডের। দুর্দান্ত ম্যাচ খেলেও গোলের দেখা পেলো না।
এই বার নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে বিদায় নেয়ার টানা চারবার তেতো অভিজ্ঞতা নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিল তারা। / গোল ডটকম