নানা রেকর্ডের জন্ম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং-এ চোখধাঁধানো পারফমেন্স দেখিয়েছে টাইগাররা।
দক্ষিন অআফ্রিকার বিপক্ষে তাদের মাঠে সিরিজ জয়ের রেকর্ড হল। সেই সাথে রেকর্ড গড়ল দুই ওপেনারের পার্টনারশীপ। তামিম ইকবালের সৌরভ ছড়ানো সব শট, লিটন দাসের ব্যাটে নান্দনিকতার পাশাপাশি সতর্কতা। সব মিলিয়ে বলা যায় দিনটি ছিল বাংলাদেশের জন্য। তাই সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আজ (২৩ মার্চ) ভিন্ন চেহারায় আবির্ভুত হয় টিম টাইগার। নতুন ইতিহাস রচনার দিন ভক্তদের মুগ্ধ করেছে তামিম বাহিনী।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। রচিত হয়েছে নতুন ইতিহাস। প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়। তার আগে গত ১৮ মার্চ প্রথম ওয়ানডে জয় ছিল, দেশটিতে লাল-সবুজ বাহিনীর প্রথম জয়।
ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাসের জুটি থেকে এসেছে ১২৯ রান। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। তামিম ইকবাল খেলেছেন ৮২ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। রানের স্বল্পতার কারণে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তামিম। তবু অপরাজিত থেকে যা করেছেন সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
সেই সাথে তাসকিনকে দেখা গেল নতুন যৌবনে। জীবনের সেরা মুহূর্ত পার করছেন এখন তাসকিন। তিন ম্যাচে মোট উইকেট পেয়েছেন ৯ টি।
লিটন দাস আউট হওয়ার আগে করেছেন ৫৭ বলে ৪৮ রান। ওয়ানডাউনে নেমে সাকিব আল হাসান ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। তাদের তিন জনের নৈপূণ্যে মাত্র ২৬.৩ ওভারে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম বাংলাদেশ।