ঘরোয়া ক্রিকেটে ১৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৫ম রাউন্ডের ম্যাচে আজ (রবিবার) প্রাইম ব্যাংকের হয়ে খেলতে নেমে এই কৃতিত্ব গড়েন তিনি।
সাভারের বিকেএসপি’র ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হন শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। এরপর প্রাইম ব্যাংকের ব্যাটাররা চড়াও হয় তাদের ওপর।
মাত্র ১৪২ বলে বিজয় খেলেন ১৮৪ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ১৮টি চার ও ৮টি ছক্কা। ব্যাট হাতে ঝড় তুলেন আরেক তারকা ব্যাটার নাসির হোসেনও। ৩টি চার ও ৫টি ছক্কায় ৩২ বলে ৬১ রান করেন তিনি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৩৮৮ রান।
প্রাইম ব্যাংকের এই বড় সংগ্রহে অবদান রয়েছে শাহাদাৎ হোসেন দিপু ও মোহাম্মদ মিঠুনেরও। ৪৭ বলে ৪৭ করেছেন দিপু। মোহাম্মদ মিঠুন খেলেছেন ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন বিজয়। প্রথম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৬০, দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১২৭, তৃতীয় ম্যাচে করেন ৫৩ এবং চতুর্থ ম্যাচে করেন ৩৩ রান। পঞ্চম ম্যাচে তো আজ করলেন ১৮৪।