ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর জয়ে ব্যাটে-বলে দারুণ অবদান রাখেন জাতীয় দলের তারকা আফিফ হোসেন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে মোহামেডান। হাফসেঞ্চুরি করেন পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ হাফিজ (৭০) ও রুয়েল মিয়া (৫১)। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ ও রনি তালুকদার ৩৪ রান করেন। ৭ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন আফিফ।
জবাবে ব্যাটিংয়ে নেমে তিন হাফসেঞ্চুরিতে ৪৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী লিমিটেড। জাকের আলি করেন সর্বোচ্চ ৬০ রান। এছাড়া ভারতীয় ব্যাটার হনুমা বিহারি ৫৯ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ৩৭ বলে ৫২ রান করে। ৩৪ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন আফিফ। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচসেরা হন এই অলরাউন্ডার।
এ জয়ে সাত ম্যাচে ৫ জয় ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আবাহনী। সমান ম্যাচে তিন জয় ও চারটি হারে আট নম্বরে মোহামেডান।
আজ আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ২৫ রানে চার উইকেট শিকারের পর ব্যাট হাতে ৫১ বলে ৬৫ রান করে ম্যাচসেরা হন ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল। তাতে বিফলেই যায় এনামুল হক বিজয়ের ৭৭ রানের ইনিংস।