আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন না অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে ডিপিএলে খেলার সময় আঙ্গুলের হাড় ভেঙে যায় তার। ফলে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, মিরাজের আঙুলের এক্স রে করার পর সেখানে চিড় ধরা পড়েছে। তার আহত জায়গা আপাতত বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় আগামী তিন সপ্তাহের জন্য তার বিশ্রামে থাকা লাগবে। সে মোতাবেক আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে দলে পাওয়া যাচ্ছে না।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজের প্রথমটি হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ঢাকায় ফিরে ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।