উইন্ডিজ সফরে ছুটি নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সফরটি থেকে ছুটি নিয়ে হজে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
ক্যারিবীয় সফরে না গিয়ে হজে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে আবেদনও করেছেন তিনি। বিসিবির একটি সূত্র জানায়, মুশফিককে ছুটি দিয়েছে বিসিবি।
এদিকে এই সফরে মুশফিককে না পাওয়া বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে চোটের কারণে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।
দুই ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। যেখানে দুদলের প্রথম টেস্ট অ্যান্টিগায় ১৬ জুন শুরু হবে। আর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট। টি-টোয়েন্টি ম্যাচগুলো ২, ৩ ও ৭ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে। আর ১০, ১৩ ও ১৬ জুলাই গায়নায় সিরিজের তিনটি ওয়ানডে।