টেষ্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার অধিনায়কত্ব নিয়ে কোন প্রশ্ন নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনি চিন্তিত মুমিনুলের ব্যাটে রান নেই বলে। তিনি চান দ্রুত রানে ফিরুক মুমিনুল।
যদিও টেস্টে সর্বশেষ দুবছরে বাংলাদেশের সাফল্য বলতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। সেই টেস্টের আগে-পরে ব্যর্থতায় মোড়ানো দেশের সাদা পোশাকের ক্রিকেট। টেস্টে বাংলাদেশ যেমন ধুঁকছে, অধিনায়ক হিসেবে তেমনি রান খরায় ভুগছেন মুমিনুল হক। বারবার ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে অধিনায়ক মুমিনুলকে নিয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক মুমিনুলকে নিয়ে চিন্তিত নন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হারের পর বোর্ড সভাপতি নিজের এমন মনোভাব ব্যক্ত করেছেন। পাপনের ভাষ্য, কেউ মুমিনুলের নেতৃত্ব নয়, ব্যাটিং নিয়ে চিন্তিত। বাংলাদেশের টেস্ট অধিনায়ক দ্রুত রানে ফিরুক- এমনটাই চান পাপন।
বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা চিন্তিত না। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তিত হওয়ার ব্যাপারই। একজন অধিনায়ক যখন পারফর্ম করে না তখন ওর ওপর কী পরিমাণ মানসিক চাপ পড়ে চিন্তা করুন।
পাপন আরও বলেন, আমরা শুধু প্রত্যাশা করতে পারি ও তাড়াতাড়ি রানে ফিরে আসুক। আজকে আমি ওর সঙ্গে বিস্তারিতভাবে বসেছিলাম, সামনে আরও বসব। কাল পরশু লম্বা আলোচনায় বসব। আলোচনা করে দেখি ও কী বলে। তারপর আমরা কারণ খুঁজে বের করব।