টি-টোয়েন্টি খেলা, না খেলার ব্যাপারে বোর্ড কোনো যোগাযোগ করেনি বলে তামিম ইকবালের ব্যাপারে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সেটিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে অভিযোগ করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে পাপন সোমবার বলেন, ‘পুরোপুরি মিথ্যা কথা (তার সঙ্গে যোগাযোগ না করা)। আমি কমপক্ষে চারবার তাকে বাসায় ডেকেছি। অন্য বোর্ড সদস্যরাও কথা বলেছে। সে না খেলার সিদ্ধান্ত দিয়েছে। দেখেন এখন কী বলে।’
নাজমুল হাসান জানান, তামিম বোর্ডকে লিখিত দিয়ে জানিয়েছে যে টি-টোয়েন্টি খেলতে চায় না।
সবশেষে বিসিবি সভাপতি তামিমকে টি-টোয়েন্টি দলে ফের দেখতে চাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন, ‘আমরা চাই সে (টি-টোয়েন্টি) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।’