ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক নারীর করা ধর্ষণ মামলা খারিজ হয়ে গেছে। সেখানকার আদালতের বিচারক জেনিফার ডোরসি রোনালদোকে এই মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দিয়েছেন বলে খবরে জানিয়েছেন রয়টার্স।
কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্যাথরিন মায়োরগা নামের ওই নারী পুনরায় মামলা করারও সুযোগ পাবেন না। আদালত জানান, অভিযোগকারী ভুয়া কাগজপত্র দিয়ে রোনালদোকে দোষী প্রমাণ করতে চেয়েছিলেন, যা আদালতে প্রমাণ হয়ে গেছে।
২০০৯ সালে লাস ভেগাস ঘুরতে গিয়ে ক্যাথরিনের সঙ্গে পরিচয় হয় রোনালদোর। তাদের মধ্যে ঘনিষ্ঠতা রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরের বছর এটিকে ধর্ষণ বলে অভিযোগ করেন ক্যাথরিন। মামলা করারও হুমকি দেন তিনি।
পরে সমঝোতা করতে সেসময় ক্যাথরিনকে ৪ লাখ ডলার দিয়েছিলেন রোনালদো। কিন্তু ২০১৮ সালে ক্যাথরিন আবারও আইনি লড়াইয়ে যান। রোনালদোর আইনজীবীরা শুরু থেকেই বলে আসছিলেন, দুই পক্ষের মধ্যে যা হয়েছে তা পরস্পরের সম্মতিতেই হয়েছে।