উয়েফা নেশনস লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। নিজেদের ইতিহাসে ফরাসিদের বিপক্ষে এটাই ক্রোয়েশিয়ার প্রথম জয়।
এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গেল ফ্রান্সের।
এদিন ক্রোয়েশিয়ার জয়ের নায়ক লুকা মদ্রিচ ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি।
ডিবক্সের মধ্যে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরিকে ফাউল করেন ফ্রান্সের খেলোয়াড়রা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। মদ্রিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। তার জোরালো শট ফ্রান্সের গোলরক্ষকের হাতে লাগলেও পুরোপুরি ঠেকাতে পারেননি।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ক্রোয়েশিয়া।
নেশনস লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে ফ্রান্স। তারা জিততে পারেনি একটি ম্যাচেও। শুধু দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে।
দিনের আরেক ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এই গ্রুপে তারা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। অস্ট্রিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট।