ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। সেই সফরের দলে থাকবেন না বাংলাদেশ দলের টেস্ট কাপ্তান সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি সংবামাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী বাংলাদেশ দল পাঠাতে চাই। তবে সাকিব যাচ্ছে না।’
জালাল ইউনুস বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’
বিসিবির খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশ দলের ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ওডিআই সিরিজ শুরুর আগে ২৫ জুলাই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৮ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৩০ জুলাই এবং ১ আগস্ট।
তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬ এবং ৮ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে লাল-সবুজের দল। আজ শেষ টি-টোয়েন্টি হবে। এর আগে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল।
সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। এর পরই দেশের উদ্দেশে রওনা হবে তারা। দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়েই আবার জিম্বাবুয়ে সফরে যাবেন তামিম-মাহমুদউল্লাহরা।