ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে একদমই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ানডে ফরম্যাটে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে বাংলাদেশ দল। স্বাগতিকদের এই ফরম্যাটে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও ক্যারিবীয়দের কম রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। ১৭৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা শঙ্কার মুখে পড়েছিলো তামিম ইকবলবাহিনী। ২০ রানেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
রোববার (১৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)-এর এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাই জিতব। আপনি চিন্তা করবেন না। উইনিং শটের পরপরই আবারও ফোন করেন তিনি। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’
উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতে ৯ উইকেটে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ১৭৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ, জবাব দিতে নেমে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালরা।