ঢাকার ক্রিকেট ক্লাব আর ভোট নিয়ে অভিযোগের শেষ নেই। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযোগের অবসান হলো অবশেষে। ভোট দেওয়ার সমান অধিকার পাচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সবগুলো ক্লাব। মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় সংশোধনী আনা হয় পুরোনো ধারার।
২০১৩ সালের নির্বাচনের আগে বিসিবির গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। যে সংশোধনীতে আইন করা হয়েছিল, প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগের ছয়টি ক্লাবের জন্য দুইজন করে কাউন্সিলর মনোনয়ন পাবে। এরপর যে তিনটি নির্বাচন হয়, প্রতিবারই একইভাবে ভোট হয়। তবে সেটি এবার পরিবর্তন করা হয়েছে।
নতুন গঠনতন্ত্রে সাধারণ পরিষদের সদস্য নির্বাচনে ৯.২(ক), ৯.২(গ) ও ৯.২(ঘ) ধারায় প্রিমিয়ার লিগের ১২টি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর অংশ নেবেন। প্রথম বিভাগে অংশ নেওয়া ২০টি ক্লাবের জন্য একজন করে, দ্বিতীয় বিভাগে ২৪টি ক্লাবের জন্য একটি করে এবং তৃতীয় বিভাগের ২০টি ক্লাবে একজন করে কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাব দেয়াও হলে প্রস্তাব পাস করা হয় বার্ষিক সাধারণ সভায়।
পুরোনো ধারা বাদ দেওয়া নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বহু বছর ধরে আমি ক্রিকেটে সম্পৃক্ত। আবাহনী ক্লাবে আগে জড়িত ছিলাম। তখন থেকেই দেখেছি প্রিমিয়ার লিগে দুটি ক্লাব- আবাহনী ও মোহামেডান। ক্লাব অনেক ছিল, কিন্তু আবাহনী মোহামেডানই চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করত। শক্তিশালী দল গঠন করতে চাইতো যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে।’
এ নিয়ে পাপন আরও বলেছেন, ‘আমাদের মূল চাওয়া ছিল আরও বেশি ক্লাব যেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করে, দল বানায়। সেজন্য ইনসেনটিভ হিসেবে এটা (দুটি করে ভোট) দেওয়া হয়েছিল। কিন্তু এখন শুধু আবাহনী-মোহামেডান নয়, অনেক ক্লাব এই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য লড়াই করে। দল গঠন করে। যে কেউ যে কোনোবার চ্যাম্পিয়ন হতে পারে। এখন অনেক ক্লাব শক্তিশালী দল গঠন করছে ধারাবাহিকভাবে ভালো করছে।’
ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা সার্ভ হয়েছে। তাতে ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিকও কিন্তু বেড়েছে। এগুলো এখন টানা হচ্ছে। ব্যত্যয় হচ্ছে না তাই ইচ্ছা করলেই বাদ দিতে পারি। কারণ, এই প্রস্তাব এখন সফল। তবে অন্য ক্লাব যারা সুযোগ পেত না, এখন সব ক্লাব সুযোগ পাবে। এ জন্য সব ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে।’