ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে দম ফেলার ফুরসত পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরেই রঙিন পোশাকের সিরিজ খেলতে উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশে। ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলাগুলো অবশ্য আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
মঙ্গলবার (১৯ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি জানানো হয়।
সূচি অনুযায়ী বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই ও ২ আগস্ট হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সব কটি ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২০ ও ২১ জুলাই ঢাকায় ফিরবে টাইগাররা। তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ড গিয়েছেন, ফিরবেন ২২ জুলাই।