সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
বাংলাদেশ দলে আজতে দুইটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। এছাড়া শরিফুল ইসলামের পরিবর্তে খেলবেন স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার নিয়ে।
আজকের ম্যাচে টাইগার দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আঙুলের ইনজুরিতে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। তার পরিবর্তে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার সৈকতকে।
সিরিজে দুই ম্যাচ শেষে সমতা ১-১ এ। এই ম্যাচটি তাই দুই দলের জন্যই ফাইনাল। বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সোমবার বলেছেন, আমি ব্যক্তিগতভাবে পারফরম্যান্স খারাপ করার কারণে কখনোই দোষ দেইনি বা ধরি না। গুরুত্বপূর্ণ হলো ওই অবস্থা থেকেই কীভাবে আপনি ফিরে আসেন? যেটা আমরা গত ম্যাচে করে দেখিয়েছি। তো আগামীকাল ফাইনাল, আমাদের আবারও সেরাটা দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা যেভাবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করেছি এবং সঠিকভাবে প্রমাণ করেছি যে গত ম্যাচটি পরিশ্রম দিয়ে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। তো শেষ ম্যাচটি ফাইনাল, প্রথম ম্যাচে যে পিচে হয়েছে সেখানেই হবে। আমরা এই ম্যাচের অপেক্ষায় আছি।