আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টকে ঘিরে সাকিব-মুশফিকদের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে হঠাৎ মিরপুরে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তখন মাঠে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান। বিসিবি বসকে দেখে অনুশীলন থামিয়ে মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনরা বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে আলোচনায় যোগ দেন। এ সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।
মাঠে ঢুকেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন পাপন। এমনকি টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকেও ক্রিকেটারদের উন্নতি বিষয়ে আলোচনা করেন তিনি। এই সময় বিসিবি প্রধানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহান-লিটন দাসের সঙ্গেও। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে জানতে চাচ্ছিলাম যে ওর (সাকিব) কী মনে হচ্ছে। একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো অবশ্য সবসময়ই আত্মবিশ্বাস থাকে। তবে এই মুহূর্তে বেশি জরুরি এটা থাকা।
তিনি বলেন, জিততে পারবো, এই বিশ্বাসটা থাকতে হবে। খেলতে গেলাম, হারা-জেতা নিয়ে আমার কথা নেই। কিন্তু জিততে পারবো, এই বিশ্বাস খেলার মধ্যে থাকা জরুরি। এটা দেখতে পেরেছি, আমি খুশি। হার-জয় বড় কথা নয়, এবার ভালো খেলার চেষ্টা করবো।