ভারতের বোলিং তোপে পড়ে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেলো পাকিস্তানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে এ রান করে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ইফতিখার আহমেদ। ভারতের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন ভুমরা।
রোববার (২৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়।
ম্যাচের শুরুতেই ভাগ্যের খেলায় জিতে গেলো ভারত। বাবর আজমের সঙ্গে টসের কয়েন নিক্ষেপ করতে এসে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে।
এর আগে এশিয়া কাপে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ভারত জয় পায় ৮টিতে। আর ৫টিতে জয় পায় পাকিস্তান। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।
অতীত সমীকরণে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ সাক্ষাতে জয় পেয়েছিল পাকিস্তান।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
এশিয়া কাপেও পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। সাম্প্রতিক বছরগুলোতে ধারবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি।
অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপে খেলছে ভারত।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: