টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমের ভবিষ্যৎ কী-অনেক দিন ধরেই চলছিলো এমন আলোচনা। এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর সে আলোচনা আরও বেগবান হয়।
সব আলোচনা থামিয়ে দিয়ে মুশফিক আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আর না খেলার ঘোষণা দিতে মুশফিক বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। তার বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দীর্ঘদিনের সতীর্থ ও পারিবারিক বন্ধনে আবদ্ধ আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।
রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রিয়াদ।
যেখানে মুশফিকের মাথায় বড়ভাই সুলভ হাত বুলিয়ে দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর ফেসবুক স্ট্যাটাস
ক্যাপশনে টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় মুশফিক! তোমার এই বিদায়ের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক একটি ব্যাপার। টি-টোয়েন্টিতে তোমার যত অর্জন এবং ভালো ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল। তোমার সতীর্থ হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পেরে আমি আনন্দিত। তোমার পারফরম্যান্স ও নৈতিকতা সবসময় যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণামূলক হবে।’