চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় নিহত মাহাদি ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদসহ কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা থানায়।
সোমবার রাতে বাদী হয়ে মামলাটি করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চট্টগ্রাম বিমানবন্দরের প্রযুক্তি সহকারি দেবব্রত সরকার।
মামলায় পলাশ আহমেদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় পলাশ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।
এর আগে বিভিন্ন ব্রিফিং-এ পলাশ কথিত পিস্তলধারী বলা হলেও মামলায় তার অস্ত্র উদ্ধারের কথা বলা হয়নি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই পলাশ অস্ত্র ও বোমা সদৃশ বস্তু দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে চট্টগ্রাম বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরনের পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ।