নেপালে শনিবার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৭ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর প্রসিদ্ধ দারাহারা ভবনটি ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপে ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তা জোরালোভাবে অনুভূত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তীব্রতা ৭.৯। ভূমিকম্পে কাঠমান্ডু ও পোখারায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, ভূমিকম্প ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট স্থায়ী হয়। এই ভূ-কম্পন নয়াদিল্লিসহ ভারতের পুরো সীমান্তা এলাকাজুড়ে অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমেও এ কম্পন অনুভূত হয়। পাকিস্তানেও এ ভূমিকম্প অনুভুত হয়েছে।