সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মুসলমানদের রোজা রাখার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে শুক্রবার থেকে।
তবে বৃহস্পতিবার থেকে শুরু হবে তারাবি নামাজ।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
অন্যদিকে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে।
এছাড়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হবে। এই দুটি দেশের চাঁদ দেখা কমিটি এই খবর জানিয়েছে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে মালয়েশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান। এই তারিখ নির্ধারণের বিষয়টি দেশটির রাজা ইয়াং দি-পার্তুয়ান অ্যাগং সম্মতি জানিয়ে এক নির্দেশ জারি করেছেন।
একই দিনে পবিত্র রমজান শুরু হবে অস্ট্রেলিয়াতে। দেশটির ইমামদের সংগঠন এই বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৯ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
বৃহস্পতিবার (১৭ মে) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান মন্ত্রী।