পবিত্র শব-ই-বরাত উপলক্ষে মহান আল্লাহ তা'আলার অনু্গ্রহ, ক্ষমা ও রহমত প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাতভর ইবাদত-বন্দেগি-জিকির-আজকার করেছেন তারা। মাগরিবের আজানের পর থেকেই মসজিদে মসজিদে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়।
প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনায় অনেকেই এদিনে ছুটে যান কবরস্তানে। দিনটি ঘিরে দেখা যায় উৎসবের আমেজও। ঘরে ঘরে তৈরি হয়েছে হালুয়া-রুটিসহ নানারকম খাবার।
মহিমান্বিত রাত শব-ই-বরাত উপলক্ষে রোববার মাগরিবের পরপরই মসজিদে মসজিদে ভিড় করতে থাকেন মুসল্লিরা। কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে ইবাদত বন্দেগীতে সময় পার করেন।
এরপর এশার নামাজের পর নফল নামাজ পরে মোনাজাতের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে দেশের এবং নিজেদের মঙ্গল কামনায় দোয়া করেন মুসল্লিরা।
পবিত্র এই দিনটিতে উবাদত বন্দেগির পাশাপাশি উৎসবের মতোও পালন করেন উপমহাদেশের মুসলমানরা। হালুয়া-রুটি, পিঠা পায়েস তৈরি হয় ঘরে ঘরে। প্রতিবেশিদের বাড়িতে বাড়িতে ও দুঃস্থদের মাঝে বিলি করা হয় এসব খাবার।
তবে ইবাদতের ওপরই বিশেষ জোর দেওয়ার কথা জানালেন সবাই। পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় অনেকেই যান কবরস্তানে। ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।
এদিকে, মসজিদে নামাজ আদায়ে আসা মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।