বিশ্বের প্রথম নারী হিসেবে গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেলে ভূষিত হয়েছেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। জ্যামিতি শাস্ত্রের জটিল বিষয়ে অবদানের জন্য অধ্যাপক মির্জাখানিকে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ এ পুরস্কার দেয়া হচ্ছে। সূত্র: বিবিসি
মির্জাখানিসহ আরও তিন ফিল্ডস মেডেল বিজয়ীকে গণিতবিদদের আন্তর্জাতিক কংগ্রেসে এ পুরস্কার প্রদান করা হবে। বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিশিয়ানস-২০১৪’ শিরোনামে এ সম্মেলন শুরু হচ্ছে। প্রতি চার বছর পর গণিতবিদদের এ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। জ্যামিতির জটিল বিষয়াবলি নিয়ে কাজের কারণে মির্জাখানি দীর্ঘদিন ধরেই গণিতবিদদের মাঝে আলোচিত হয়ে আসছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার আগে ইরানেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার আগে ইরানেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি নেন মরিয়ম মির্জাখানি। ফিল্ডস মেডেল নির্বাচকমণ্ডলীর সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম ফ্রানসেস কিরওয়ান বলেন, গণিতকে প্রথাগতভাবেই ‘পুরুষদের জন্য সংরক্ষিত’ বলে মনে করা হলেও বহু শত বছর ধরেই নারীরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রথম নারী হিসেবে মির্জাখানির এ পুরস্কার জয় বহু নারী গণিতবিদকে উদ্দীপনা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
আরেক ব্রিটিশ গণিতবিদ অধ্যাপক স্যার জন বল সিউলে গণিতবিদদের আন্তর্জাতিক কংগ্রেস থেকে বিবিসি নিউজকে বলেন, একজন নারীর এ পদক পাওয়া দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। অধ্যাপক মির্জাখানি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নারী গণিতবিদদের মধ্যে একজন।
অধ্যাপক মির্জাখানি ছাড়া আরও যে তিন জন এবার ফিল্ডস মেডেল পাচ্ছেন, তারা হলেন—যুক্তরাজ্যের মার্টিন হায়ারার, গণিতশাস্ত্রে মাত্র ২১ বছর বয়সে পিএইচডি ডিগ্রি লাভকারী ব্রাজিলের ড. আর্তুর আভিলা এবং কানাডিয়ান-আমেরিকান গণিতবিদ ডক্টর মঞ্জুল ভার্গব।
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়নের (আইএমইউ) একটি নির্বাচক কমিটি গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেল প্রদান করে থাকে। কানাডীয় গণিতবিদ জন ফিল্ডস এই পুরস্কার প্রবর্তন করেন। পদকের পাশাপাশি পুরস্কার বিজয়ীদের ১৫ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়।
১৯৩৬ সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। প্রতি চার বছর পর দুই থেকে চারজন গণিতবিদকে এই পদক দেওয়া হয়। ফিল্ডস মেডেলের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটা সব সময়ই ৪০ বছর বা তার চেয়ে কম বয়সীদের দেওয়া হয়। প্রবর্তকেরা মনে করেন এতে এই বয়সেই গণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিও মিলবে এবং ভবিষ্যতে আরও অর্জনের জন্যও তা উত্সাহ জোগাবে।