বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সিনেমায় প্রায় দেখা যায় রোবট পরিচালিত রেঁস্তোরা। তবে এখন আর কল্পনায় নয়, রোবট পরিচালিত রেস্তোরাঁর যাত্রা শুরু করেছে বাস্তবেই। যেখানে রোবটেরা স্বাগত জানাচ্ছেন ক্রেতাদের। রোবটের হাতেই পরিবেশিত হচ্ছে খাবার। স্বাগত আর পরিবেশন নয় শুধু, রান্নাবান্নার দায়িত্বও পালন করছে যন্ত্রমানবেরাই। সূত্র এএফপি
গত সপ্তাহে চীনের কানশানে চালু হয়েছে রেস্তোরাঁটি। এতে ক্রেতাদের স্বাগত জানাতে রাখা হয়েছে দুটি রোবট। টেবিলে খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে চারটি ছোট মানবাকৃতির রোবট। আর রান্নাঘরে খাবার রান্না ও পুডিং বানানোর জন্য রয়েছে আরো দুটি রোবট।
অভিনব এ রোবট পরিচালিত রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা সং ইউগ্যাং নামের এক ব্যক্তি। এ সম্পর্কে এএফপিকে তিনি জানান, এ রেস্তোরাঁ চালুর বুদ্ধিটা তার মেয়ের মাথা থেকে আসে। মেয়েটি গৃহস্থালি কাজ করতে মোটেও পছন্দ করে না। বাবাকে তাই এমন রোবট আবিস্কারের বুদ্ধি দিয়েছিল সে, যে রোবটেরা গৃহস্থালি কাজে পটু হবে। এই ভাবনাই শেষ পর্যন্ত রেস্তোরাঁর পরিকল্পনা পর্যন্ত নিয়ে যায় ইউগ্যাংকে।
স্থানীয় পত্রিকা মডার্ন টাইমস জানায়, রেস্তোরাঁয় নিয়োজিত প্রতিটি রোবট তৈরিতে খরচ পড়েছে ৪০ হাজার ইয়েন বা সাড়ে ছয় হাজার মার্কিন ডলার। এই খরচ রেস্তোরাঁর কাজে নিয়োজিত একজন মানবকর্মীর বার্ষিক বেতনের সমান।
ইউগ্যাং বলেন, 'রোবটগুলো দৈনন্দিন ব্যবহৃত ৪০টি বাক্য বুঝতে পারে। তবে মজার ব্যাপার হল এরা কখনও অসুস্থ হবে না কিংবা ছুটি চাইবে না। এদের দুই ঘণ্টা চার্জ দিলে অনায়াসে পাঁচ ঘণ্টা কর্মক্ষম থাকবে।'
রোবট পরিচালিত রেস্তোরাঁর নজির এটাই প্রথম নয়। ২০১২ সালে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরে একটি রোবট পরিচালিত রেস্তোরাঁ চালু হয়।
সাম্প্রতিক সময়ে শ্রমিকদের পারিশ্রমিক ক্রমশ বেড়ে যাওয়ায় চীনে দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার বাড়ছে। বৃদ্ধির মাত্রা এতোটাই ব্যাপক হয়ে উঠেছে যে, গত বছর শিল্পক্ষেত্রে রোবট ব্যবহারে শীর্ষে থাকা জাপানকে এরইমধ্যে পেছনে ফেলেছে চীন। সূত্র: এএফপি, এনডিটিভি
রোবট, পরিচালিত, রেস্তোরাঁ