জবাবদিহি, স্বচ্ছতা ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্য কমিশনকে আরও স্বাধীনভাবে কাজ করতে দিলে এ আইন জনগণের কল্যাণে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, ২০০৮ সালে জারি করা তথ্য অধিকার অধ্যাদেশকে ঘষামাজা করে ২০০৯ সালের ৬ এপ্রিল পাস হয় তথ্য অধিকার আইন। এর মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য পাওয়ার অধিকার সংরক্ষণ করার কথা বলা হয়েছে।
আইনটি বাস্তবায়ন হলে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহি— ফলে কমে আসবে দুর্নীতি বলেও জানান তিনি।
আইনে তথ্য অধিকারের পাশাপাশি তথ্য সংরক্ষণের কথা বলা হয়েছে— তবে এর আধুনিকায়ন দরকার বলে মনে করেন মন্ত্রী।
তথ্য যে নাগরিকের অধিকার এ বিষয়টিই এখনো অনেকে জানেন না বলে সচেতনতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অনুষ্ঠানে আসা সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়গুলো আরও স্পষ্ট হওয়া উচিত।