যেখানেই হোক না কেন, নারী কী আদৌ নিরাপদ? যদি বলা হয় নিরাপদ, তাহলে তার নিশ্চয়তা ও প্রমাণ কোথায়? পহেলা বৈশাখে নারীদের যৌন নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এমন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
সোমবার সকাল ১১টায় একজন একজন করে সাধারণ মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে, হাত ধরে রচিত হয় মানববন্ধন।
তারা বলছেন, ওই ঘটনায় দোষীদের বিচার না হলে, যৌন নির্যাতনের এমন ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। সর্বোপরি নারীকে নারী নয়, মানুষ হিসেবে শ্রদ্ধা জানানোর আহ্বান তাদের।
পরে এ বন্ধন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে তা কার্জন হল পর্যন্ত ঠেকে। বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় নারীদের যৌন নির্যাতনের প্রতিবাদে তারা সবাই সমবেত হয়েছেন।
নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো, নারীদের নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন তারা।
এদিকে, একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও মানববন্ধন করে।