তরল পানির সন্ধান মিলেছে সৌরমণ্ডলের লালগ্রহ হিসেবে পরিচিত মঙ্গলগ্রহে। মহাকাশযান মার্স রিকনিসনস অরবিটারের মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত ভিত্তিতে সোমবার এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
সংস্থাটির বিজ্ঞানীদের দাবি, তাদের মহাকাশযান অরবিটার গত গ্রীষ্মকালেও মঙ্গলগ্রহের পৃষ্ঠভাগে লোনা পানির প্রবাহ দেখতে পেয়েছে। এর ফলে একদিন লাল এ গ্রহটিতে মানুষ যেতে পারবে-এমন জোরালো আশা হচ্ছে।
গত কয়েকদিন আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মঙ্গলে রহস্যের সমাধান শিরোনামের এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদ সম্মেলন ডাকার পর তা নিয়ে দারুণ কৌতুহল চলছিল বিশ্বজুড়ে। অবশেষে সোমবার সেই রহস্যের চাদর সরিয়ে দিলেন নাসার গবেষকরা। তাদের দাবি, সৌর পরিবারের লাল গ্রহটির উপরিভাগে গ্রীষ্মের মাসগুলোতে পানি প্রবাহের চিহ্ন পেয়েছেন তারা।
ওয়াশিংটনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নাসার প্ল্যানেটারি সায়েন্স বিভাগের পরিচালক জিম গ্রিন বলেন, এতদিন মঙ্গলকে একটি শুষ্ক গ্রহ ভাবা হলেও বিশেষ পরিবেশে এই গ্রহে তরল পানির সন্ধান মিলেছে। তবে এই পানির উৎস কী সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি নাসার গবেষকরা।
নাসার মহাকাশযান মার্স রিকনিসনস অরবিটারের পাঠানো ছবি বলছে, মঙ্গলের রেকারিং স্লোপ লিনেইয়ের উপরের স্তরের যে ছবি পাঠিয়েছে তা জমাট লবণের। ধারণা করা হচ্ছে, এই লবণ মঙ্গলের হালকা বাতাসে থাকা পানির বরফ হওয়া কিংবা বাষ্পে পরিবর্তিত হওয়াকে নিয়ন্ত্রণ করে একে তরল আকারে প্রবাহিত করতে পারে।
বিজ্ঞানীরা অতীতেও মঙ্গলে পানির অস্তিত্বের সম্ভাবনার কথা বলেছেন। তবে এর পৃষ্ঠভাগের লোনা পানির প্রবাহ থাকার প্রমাণ মিলল এই প্রথম। এর ফলে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরো জোরালো হলো।