জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় লালমনিরহাটের বিলুপ্ত ৫৯টি ছিটমহলের ৯৭১৯ জন বাসিন্দা মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক নিবন্ধন করতে পারেননি। ফলে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সিম বায়োমেট্রিক নিবন্ধন করতে না পারায় ফোনের সংযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দ্রুত জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, বাঁশকাটা, ভিতরকুঠি, লতামারী, গোতামারী, ভোটবাড়ী, পানিশালাসহ লালমনিরহটের ৫৯টিসহ বাংলাদেশের অভ্যন্তরে বিলুপ্ত হওয়া ১১১টি ছিটমহলে ৩৭ হাজার ৫৩৫ মানুষের বসবাস।
গত বছরের ৩১ জুলাই মধ্যরাত থেকেই বাংলাদেশের নাগরিক হন তারা। এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হলেও এখনো জাতীয় পরিচয়পত্র পাননি স্থানীয় বাসিন্দারা– এ কারণে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার মানুষদের।
মোবাইল ফোনের সিমের বায়োমেট্রিক নিবন্ধনও তারা করতে পারেননি। অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাওয়ায় তারা পড়েছেন দুর্ভোগে। সবচেয়ে বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
এদিকে, জাতীয় পরিচয়পত্রের জন্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের তথ্য সংগ্রহ আগামী ১০ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন জেলার নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান।