আর ১০ দিন পর শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা তৈরির কাজ। আয়োজকরা ব্যস্ত সার্বিক ব্যবস্থাপনা নিয়ে।
আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার মহালয়ায় দেবীপক্ষের মধ্য দিয়ে শুরু পূজার ক্ষণ গণনা। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীর আমন্ত্রণ ও অধিবাসের পর ২৭ সেপ্টেম্বর সপ্তমীতে শুরু হবে মণ্ডপে মূল পূজা। সপ্তমী, অষ্টমী আর নবমী এ তিন দিন প্রতিমায় পূজার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাঙালির সার্বজনীন এ উৎসব।
হিন্দু সনাতনী পঞ্জিকা মতে, মহালয়ার আগের ১৫ দিন পিতৃপক্ষ। আগামী মঙ্গলবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী পক্ষের সূচনা, দুর্গা পূজার ক্ষণ গণনা।
মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি কাজ। পূজার নানা অনুষঙ্গ আর ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত আয়োজকরা।
তারা বলেন, সকল প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন তারা।
মহালয়ার সাত দিন পর ২৬ সেপ্টেম্বর, ষষ্ঠী তিথীতে, দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস। পরদিন সপ্তমীতে নবপত্রিকায় প্রবেশের মধ্য দিয়ে মণ্ডপে মূল পূজা শুরু। অষ্টমীতে হবে কুমারী পূজা। আর অষ্টমী ও নবমী তিথীর সংযোগ ক্ষণে হবে সন্ধি পূজা ও আরতি। নবমীতে বলিদান ও যজ্ঞ।
এবার দেবি আসছেন নৌকায় যার অর্থ শস্যপূর্ণ হবে বসুন্ধরা। আর বিদায় নেবেন ঘোড়ায় চড়ে এর অর্থ দুর্যোগ। রাজধানীতে এবার পূজা হবে ২৩১টি যা গতবারের চেয়ে ২টি বেশি। আর সারাদেশে প্রায় ৩০ হাজার মণ্ডপে দুর্গা পূজা হবে।
এদিকে, সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে সভা করে পূজা উদযাপন পরিষদ।
এতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, পূজায় সকল নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।