স্বামী- স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়া রুগি হলে সন্তানও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামুলক হওয়া উচিত বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড থ্যালাসেমিয়া ডে-কেয়ার সেন্টার ও শিশু পালমোলজি ওয়ার্ড এবং মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ভিসি বলেন, বিষয়টিকে অবহেলায় দেখার সুযোগ নেই। এখনই সবার সচেতন হওয়া দরকার। এমনকি বিয়ের আগে চক্ষু পরীক্ষা করাও ভালো। এতে অনাগত সন্তানও ঝুঁকিমুক্ত থাকবে। কারণ, পাত্র-পাত্রীর উভয়ের চোখের পাওয়ার মাইনাস হলে সন্তানও এ সমস্যায় আক্রান্ত হতে পারে।
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে আবশ্যিক করা গেলে দেশে এই রোগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। তাই বিষয়টি সংশ্লষ্ট সবার নজরে আনা দরকার বলে মত দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।
উপাচার্য আরও বলেন, কোন রোগে কত মানুষ আক্রান্ত, তার সঠিক ডেটা সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে। যারা ভালো গবেষণা করবেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, উক্ত বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী প্রক্টর মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।