বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ার প্রত্যয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গাজীপুরের মৌচাকে নবম বাংলাদেশ স্কাউট জাম্বুরির উদ্বোধন শেষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে স্কাউট সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকাকে এ সময় গুরুত্বপূর্ণ—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউট আন্দোলনকে জোরদার করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
শেখ হাসিনা বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২টি স্কাউট দল সৃষ্টি করতে হবে। জেলা পর্যায়ে স্কাউট কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে, অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সকল জেলায় স্কাউট ভবন নির্মান করে দক্ষ ব্যবস্থাপনা পরিচালনার জন্য আমি সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানাচ্ছি।’
এছাড়া, বাংলাদেশের স্কাউটকে আন্তর্জাতিক মানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা আরো বলেন, এর জন্য প্রতিটি জেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরির লক্ষ্যেও সহযোগিতা করবে সরকার।