চট্টগ্রাম মিরসরাইয়ে কলমীরচরে নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে ফেনী গ্রুপ ও মিরসরাইর গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অন্য দুজন হলেন- হিঙ্গুলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অসোক সেন (৪২) ও যুবলীগ কর্মী সায়েদ খান দুখু (৩৫)।
জানা যায়, দীর্ঘদিন যাবত ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন অবৈধভাবে ফেনী নদীর মিরসরাই অংশে বালু উত্তোলন করছেন। করেরহাট এলাকায় নির্মিতব্য বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের জন্য মেয়র খোকনের লোকজন বালু উত্তোলন করতে গেলে বৃহস্পতিবার তাদের দুটি বোট আটক করে রাখে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রিপনের লোকজন। শুক্রবার সকালে বিষয়টি মেয়র খোকন সমাধানের জন্য গেলে রিপনের লোকজন হামলা করে। খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, রেজাউল করিম খোকনসহ মোট তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রেজাউল করিম পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।