সুন্দরবনকে সামনে রেখে এ অঞ্চলে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজে পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, পর্যটকদের সুন্দরবনসহ এ অঞ্চলে আগমনের সুবিধার্থে বিমানসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
সুন্দরবন থেকে দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে বিপুল রাজস্ব আয় করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এর পাশাপাশি বেসরকারি পর্যটন শিল্পও গড়ে উঠবে।
এর আগে সকালে ডায়াবেটিস সেন্টার মিলনায়তনে মন্ত্রী সমাজকর্মী কাজী ওয়াহিদুজ্জামানের লেখা ‘বিবিধ প্রসঙ্গ’ বইয়ের মোড়ক উম্মেচন করেন।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার পর্যটন শিল্পকে গড়ে তোলা ও বিমানবন্দর স্থাপনের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে স্মারকলিপি পেশ করা হয়।