সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার ভোররাত সোয়া ৪টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা ও লালমনি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এদিকে, সংঘর্ষের ফলে উল্লাপাড়া হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাফ হোসেন ও লালমনিরহাটের আদিতমারি স্টেশন মাস্টার মজিবুর রহমান।
পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় রেলওয়ের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুর থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ছিল। ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটিও ওই স্টেশনে পৌঁছলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ৫০ জন। এ ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি), উল্লাপাড়া থানা পুলিশ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শাহজাদপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।