সাংস্কৃতিক পরিবেশকে সুস্থ রাখতে হলে রাজনীতিকে সুস্থ রাখতে হবে—এ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একদিনের পোশাকি বাঙালি না হয়ে সারাবছর নিজ নিজ আচার-আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হতে হবে।’ সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ফেনী সদরের পিটিআই মাঠে বর্ষবরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে মন্ত্রী সেখানে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘যেদিকে তাকান শুধু ভাঙনের সুর, রাজনীতিতে ভাঙনের সুর। সংস্কৃতিতে ভাঙনের সুর। বৈশাখী মিলনমেলার মধ্য দিয়ে ভাঙনের সুর থেকে প্রত্যাশাকে নিয়ে যাব মিলনের মোহনায়।’
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নারী সাংসদ জাহানারা বেগম। সেখানে বক্তব্য দেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খুরশিদ আলম, পৌর মেয়র আলাউদ্দিন, সাংবাদিক বখতেয়ার ইসলাম, যতন মজুমদার প্রমুখ।
আলোচনা সভা শেষে মন্ত্রী ফেনী পিটিআই মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচ দিনের গ্রামীণ মেলার উদ্বোধন করেন। মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। এর আগে সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের হয়।