পহেলা বৈশাখ উপলক্ষে উন্নতমানের খাবার খেয়ে বাগেরহাট জেলা কারাগারের অর্ধশত বন্দি অসুস্থ হয়ে পড়েছেন। ১৯ জনকে মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা কারাগারের সুপার আমানুল্লাহ জানিয়েছেন, গতকাল বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে সরকারিভাবে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সোমবার সকালে পান্তা ইলিশ, দুপুরে আলুর দম এবং রাতে ৫২৯ জন বন্দিকে রান্না করা গরুর মাংস ও পোলাও পরিবেশন করা হয়। রাতের খাবারের পর বেশকিছু বন্দির ডায়রিয়াসহ নানা সমস্যা দেখা দেয়।
তিনি আরও বলেন, কারা অভ্যন্তরে অসুস্থ বন্দিদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. কুহেলী বেগম দেশটিভি বলেন, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার ফলেই এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারনা হচ্ছে।
তবে জেলসুপার খাদ্যে বিষক্রিয়ায় বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের নিজস্ব গভীর নলকুপের পানি খুব লবনাক্ত, সুপেয় পানির তীব্র অভাব রয়েছে। কারা অভ্যন্তরে অনেকটা বাধ্য হয়েই লবনাক্ত পানি পান করতে হয় এ কারণে এ ঘটনা ঘটতে পারে।
বাগেরহাট সিভিল সার্জন ডা. বাকির হোসেন জানান, বাগেরহাট জেলা কারাগারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ বন্দিদের উন্নত চিকিৎসা দিতে ২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম বাগেরহাট সদর হাসপাতালে ও ৪ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম কারা অভ্যন্তরে অসুস্থ বন্দিদের চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান তিনি।
বন্দিদের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের স্বজনেরা হাসপাতাল ও কারাগারের সামনে ভিড় করেছেন বলে জানা গেছে।