নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে বুধবার ৬জনের মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার আরো একজনের উদ্ধার করা হয়েছে।
সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। কাউন্সিলর নজরুল ইসলামের গাড়িচালক জাহাঙ্গীরের মৃতদেহ বলে ধারনা করছে পুলিশ।
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, আগের দিন যে স্থান থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ওইখান থেকে আরেক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আগের ছয়টি লাশের মতো এই লাশটিরও হাত-পা বাঁধা ছিল। ইট বেঁধে লাশটি ডুবিয়ে দেয়া হয়েছিল।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের সমর্থকেরা সকালে আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। তারা খুনিদের বিচার দাবি করছেন।
নারায়ণগঞ্জ থেকে গত রোববার একসঙ্গে সাত ব্যক্তি অপহূত হন। তারা হলেন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়িরচালক ইব্রাহিম। গতকাল দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচজনের লাশ শনাক্ত করা হয়েছে। তারা হলেন নজরুল, চন্দন কুমার, মনিরুজ্জামান, তাজুল ও ইব্রাহিম।
অপর লাশটি নজরুলের বন্ধু লিটনের, নাকি গাড়িচালক জাহাঙ্গীর আলমের তা শনাক্ত হয়নি। আজ আরেকটি লাশ পাওয়া গেল।
নজরুল ইসলাম অপহরণের ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে। তবে কেউ ধরা পড়েনি।
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করেন, তার স্বামীসহ সবাইকে অপহরণ করেছে নূর হোসেন, ইয়াসিন ও তার ক্যাডাররা। কিন্তু পুলিশ তাদের আটক করেনি।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকার গুচ্ছগ্রাম চরের পাশে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-মেঘনা নদীর মোহনাসংলগ্ন (মুন্সিগঞ্জের মোড়) এলাকায় দুর্গন্ধ পায় স্থানীয় ব্যক্তিরা। সেই সূত্রে তারাই প্রথম শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এবং পুলিশকে খবর দেয়। যেখানে লাশগুলো মিলেছে, তার অপর পারটি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা।
বেলা তিনটায় প্রথমে একটি লাশ পানি থেকে তোলে বন্দর থানার পুলিশ। খবর দেয়া হয় সিদ্ধিরগঞ্জ থানায়। দাড়ি আর পরনে পাজামা-পাঞ্জাবি দেখে লাশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের বলে সনাক্ত করেন তার ছোট ভাই আবদুস সালাম।