সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জামাতকর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে এক পুলিশ সদস্য। বৃহষ্পতিবার উপজেলার সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানান, জামাত শিবিরের একটি চক্র নাশকতা সৃষ্টির জন্য সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আম বাগানে সমবেত হয়েছে বলে জানা যায়। এরই ভিত্তিতে পুলিশ বৃহষ্পতিবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়।
এ সময় জামাত শিবিরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ৫/৬ টি ককটেল ছুঁড়লে পুলিশও পাল্টা ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় জামাত কর্মী ফারুক হোসেন। ককটেলের স্প্রিন্টার লেগে আহত হন পুলিশ কর্মকর্তা গৌতম সাহা।
সহিংসতার ঘটনায় ৩টি মামলার আসামী গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্য গৌতম সাহাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।