সুনামগঞ্জ জেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান ও তার গাড়ির চালক রোববার রাত থেকে নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার বিকেলে মুজিবুর রহমান তার প্রাইভেট কার নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেট রওনা হন। রাত সাড়ে ৮টা থেকে তার ব্যবহার করা দুটি মোবাইলফোন ও গাড়ি চালকের মোবাইলফোনও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাসাসহ নানা জায়গায় খোঁজের পর না পাওয়ায় থানায় ডায়রি করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম খান বলেন, দুজন ব্যক্তির মোবাইল ফোন দুদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে—থানায় এ রকম একটি জিডি হয়েছে। এখানে বিএনপির কোনো নেতার কথা উল্লেখ নেই। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এ ঘটনায় শহরের মুক্তারপাড়ায় জেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।
জেলা বিএনপির নেতারা শহরের নন্দন প্লাজায় বেলা একটার দিকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান গত রোববার সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে যোগ দেন। বিকেলে তিনি তার ব্যক্তিগত গাড়ি নিয়ে সিলেটে রওনা দেন। এরপর থেকে চালক রেজাউল হকসহ (৩২) তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
হাজী সাহেবের ভাগ্নি জামাই রবিউল ইসলাম জানান, রোববার বিকেলে হাজী সাহেব তার প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-২৭-৪৬৯৮ নম্বরের গাড়ি নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেট রওনা হন। রাত সাড়ে ৮টা থেকে তার ব্যবহার করা দুটি মোবাইলফোন বন্ধ থাকায় থানায় ডায়রি করা হয়েছে।
গাড়ি চালকের পিতা মো. ওয়াহিদুজ্জামান জানান, সাংবাদিকদের ঠিক একই কথা বলেন।
তিনি আরো বলেন, হাজী সাহেব সপরিবারে লন্ডনে বসবাস করেন। বছর খানেক ধরে পরিবার ছাড়াই তিনি সুনামগঞ্জ শহরের হাজীপাড়াস্থ বাসায় বসবাস করছিলেন।
নাসির উদ্দিন চৌধুরী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা বিএনপির সভাপতি বুধবার শহরের ট্রাফিক পয়েন্টে মানবন্ধনের ঘোষণা দিয়েছেন।