রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এনএম লারমা গ্রুপের কর্মী দুই সহোদরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে কামিনীপাড়ায় তাদের নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
তারা হলেন— উপজেলার রুপকারী ইউনিয়নের ফাগুজ্যাছড়ির কামিনীমোহন পাড়ার বাসিন্দা সুশান্ত চাকমা (৪০) ও তার ভাই ত্রিদেব চাকমা (৩৭)।
এ ঘটনায় জেএসএস-এর এনএম লারমা গ্রুপের পক্ষ থেকে প্রতিপক্ষ সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-কে দায়ী করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত কামিনীমোহন পাড়ায় সুশান্ত ও ত্রিদেব চাকমার বাড়িতে গিয়ে তাদের বাইরে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
এদিকে, জেএসএস-এর এনএম লারমা গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনায় প্রতিপক্ষ সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন।
তবে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এছাড়া এ ঘটনার সঙ্গে জেএসএস (সন্তু লারমা)-এর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।