নাটোর সদর উপজেলার হয়বতপুরে নাটোর-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হয়বতপুরে নাটোর-ঢাকা মহাসড়কে বেগম খালেদা জিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে আসা কেয়া পরিবহন বাসের সঙ্গে ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার এবং বাসের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হয়েছেন।
ঘটনার পর নাটোরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
আহত চার জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।