দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কয়েকটি বাস ও ট্রাক ভাঙচুর এবং চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।
এদিকে, ধর্মঘট চলাকালে বৃহস্পতিবার সকাল থেকে সকল বাস কেন্দ্রীয় বাস টার্মিনালে আটকে রেখে সড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ ধর্মঘটের কারণে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস।
শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক জানান, বুধবার বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে একটি কোচের ধাক্কা লাগে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাশেরহাট ও রানীগঞ্জ মোড় এলাকায় ট্রাক ও বাসসহ ১০/১২টি গাড়ি ভাঙচুর এবং ওইসব পরিবহনের চালক ও হেলপারকে মারধর করে। এতে দুইজন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত ৯টা থেকে জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি।
রফিক বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত: বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪টি বাসে করে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা শহরের কালিতলাস্থ থানা মোড়ে কোচ স্ট্যান্ড অতিক্রমের সময় একটি কোচের সঙ্গে ধাক্কা লেগে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের গ্লাস ভেঙ্গে যায়। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকেল ৬টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস ও ট্রাকে ভাঙচুর চালায়।