নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার গঠিত ৭ সদস্যের কমিটি নারায়ণগঞ্জে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে এ কমিটির সদস্যরা বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে যান। পরে তারা শীতলক্ষ্যা নদীর তীরে যাবেন বলে জানান গেছে।
অপহরণ ও হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন (র্যাব) ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
এ কমিটি অপহরণের সঙ্গে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা রয়েছে কি-না? তা উদঘাটন এবং অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি-না, তাও তদন্ত করে দেখবে কমিটি।
কমিটির সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মহিউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান ও মো. মিজানুর রহমান খানকে কমিটির সদস্য করা হয়েছে।
নারায়ণগঞ্জ রওনা হওয়ার আগে শাহজাহান মোল্লা সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের যে স্থানে লাশ পাওয়া গেছে, সে স্থান পরিদর্শন করা হবে এবং শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।
কর্মপরিধিতে যা আছে তার মধ্যেই থেকে তদন্ত করা হবে হাইকোর্টের নির্দেশনায় বলেও জানান তিনি।
এরপর ৭ কর্মদিবসের মধ্যে তদন্তকাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করবে এ তদন্ত কমিটি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।